হাওজা নিউজ এজেন্সি: আহলে বাইতের প্রতি ভালোবাসা ও আনুগত্যের পাশাপাশি তাঁদের আদর্শ অনুসরণ এবং প্রতিরোধের চেতনা ধারণ করার ওপর গুরুত্বারোপ করেছেন চট্টগ্রাম সদরঘাট ইমামবাড়া ও মসজিদের খতিব হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মাওলানা আমজাদ হোসেন।
আজ শুক্রবার (২০ নভেম্বর) জুমার খুতবায় তিনি এসব কথা বলেন। খুতবায় তিনি হযরত ফাতেমা যাহরা (সা. আ.)-এর মর্যাদা, পবিত্র কুরআনের সুরা কাউসারের তাৎপর্য, আহলে বাইতের প্রতি ভালোবাসা ও আনুগত্য এবং প্রতিরোধের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।
মাওলানা আমজাদ হোসেন বলেন, হযরত ফাতেমা যাহরা (সা. আ.)-এর মর্যাদা ও অবস্থান উপলব্ধি করতে সুরা কাউসারের তাৎপর্য অনুধাবন করা জরুরি। আহলে বাইতের প্রতি ভালোবাসা ও আনুগত্যের বিষয়েও বিশেষ গুরুত্ব দিতে হবে। হযরত ফাতেমা যাহরা (সা. আ.) সম্পর্কে আমাদের আকিদা ও বিশ্বাসের সঙ্গে আহলে সুন্নাতের আকিদাগত কিছু পার্থক্য রয়েছে। আমরা বিশ্বাস করি, তিনি কিয়ামতের দিন তাঁর অনুসারীদের জন্য শাফায়াত করবেন। এ বিশ্বাস থেকেই আমরা দোয়ার সময় বলি, ‘ইয়া ফাতেমাতু আগিসনি’ (হে ফাতেমা! আমাকে সাহায্য করুন)।
খুতবায় তিনি আহলে বাইতের প্রতি ভালোবাসা ও আনুগত্যের প্রকৃত তাৎপর্য তুলে ধরে বলেন, তাঁদের প্রতি ভালোবাসা কেবল আবেগ, মুখের দাবি কিংবা ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়; বরং তাঁদের আদর্শ, শিক্ষা, নৈতিকতা, সত্যনিষ্ঠা ও অন্যায়ের বিরুদ্ধে অবিচল অবস্থানকে নিজেদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে ধারণ করতে হবে। আহলে বাইতের প্রতি প্রকৃত ভালোবাসার বহিঃপ্রকাশ হতে হবে তাঁদের আদর্শের অনুসরণ এবং তাঁদের প্রদর্শিত পথে অবিচল থাকা। একই সঙ্গে তাঁদের শিক্ষা থেকে অনুপ্রেরণা নিয়ে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা, জুলুম-নির্যাতনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ এবং প্রতিরোধের চেতনা জাগ্রত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, বাংলাদেশে একদিন প্রতিরোধের চেতনায় সংগঠিত হতে হবে। শুধু নামাজ, মজলিস, মাতম ও বিভিন্ন ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনের মধ্য দিয়ে দায়িত্ব শেষ হয়ে যায় না। এসব ইবাদত ও আনুষ্ঠানিকতার পাশাপাশি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো এবং প্রতিরোধের মানসিকতা গড়ে তোলাও জরুরি।
ইরানের শহীদ সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ীর প্রসঙ্গ উল্লেখ করে মাওলানা আমজাদ হোসেন বলেন, তিনি আল্লাহর প্রতি সর্বাত্মক ঈমান ও তাওয়াক্কুলের পাশাপাশি শত্রুদের মোকাবিলায় প্রতিরোধ গড়ে তোলা, সামরিক শক্তি অর্জন এবং জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিতে সমৃদ্ধ হওয়ার বিষয়টিকেও সমান গুরুত্ব দিতেন। তাঁর দৃষ্টিতে, আল্লাহর ওপর ভরসা করার পাশাপাশি নিজেদের সক্ষমতা, শক্তি ও জ্ঞান-বিজ্ঞানের ভিত্তি সুদৃঢ় করাও অপরিহার্য।
এই দৃষ্টিভঙ্গির আলোকে তিনি ইরানকে এমনভাবে গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছিলেন, যার ফলে দেশটি আজ বিশ্বের দুই পরাশক্তির বিরুদ্ধে দৃঢ়তার সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে। ইরানের এই প্রতিরোধ ও সামরিক সক্ষমতা বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে এবং আন্তর্জাতিক অঙ্গনে বিস্ময়ের সৃষ্টি করেছে। তাঁর এই দৃষ্টিভঙ্গি থেকে শিক্ষা নিয়ে মুসলিম বিশ্বকেও ঈমান, তাওয়াক্কুল, জ্ঞান-বিজ্ঞান, সামরিক সক্ষমতা ও প্রতিরোধের সমন্বয়ে নিজেদের শক্তিশালী করে গড়ে তুলতে হবে।
আপনার কমেন্ট